২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

রাজনীতি

আগ্রাসী বক্তব্য বন্ধের আহ্বান, ভারতকে সতর্ক করল জামায়াত

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬২১:৪৯
আগ্রাসী বক্তব্য বন্ধের আহ্বান, ভারতকে সতর্ক করল জামায়াত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি বা উসকানিমূলক বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দেওয়ার অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

২৬ নভেম্বর এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ত্যাগ ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে পাঁচ দশকের বেশি সময় পার করা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো বিদেশি দায়িত্বশীল ব্যক্তির এমন বক্তব্য স্বাধীনতার প্রতি অবমাননার শামিল। অর্জুন সিংয়ের কথিত বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও আগ্রাসনমূলক উল্লেখ করে এর নিন্দা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতেও ত্যাগ স্বীকার করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকিতে দেশের মানুষ ভীত হবে না। জাতীয় স্বার্থ ও স্বাধীনতা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমমর্যাদা ও সহযোগিতার ভিত্তিতে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা উসকানিমূলক বক্তব্য থেকে ভারতীয় কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রসঙ্গও তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিবাদীদের বাংলাদেশে ফেরত না দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

পশ্চিমবঙ্গের মন্ত্রীর কথিত বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এ ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবেশ নষ্ট করতে পারে। তাই বাংলাদেশের সরকারকে কূটনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা এবং এ ধরনের বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন মিয়া গোলাম পরওয়ার।

#জাতীয়#সংবাদ#বাংলাদেশ ভারত সম্পর্ক#বাংলাদেশ দখলের হুমকি#মিয়া গোলাম পরওয়ার#জামায়াতের প্রতিবাদ#ভারত বাংলাদেশ কূটনীতি#পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী#বাংলাদেশ রাজনৈতিক সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram