২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

শিক্ষা-প্রযুক্তি

২৫টির বেশি কোম্পানির অংশগ্রহণে

শেকৃবির চাকরির মেলা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬২৩:৫৮
শেকৃবির চাকরির মেলা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি চাকরির বাজারের সঙ্গে যুক্ত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজন করা হচ্ছে দিনব্যাপী চাকরি মেলা। আগামী ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এ মেলায় ২৫টির বেশি দেশি-বিদেশি কোম্পানি অংশ নেবে।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে শিক্ষার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন। পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে চাকরির যোগ্যতা, নিয়োগপ্রক্রিয়া ও কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাবেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন প্রোগ্রাম-২০২৬-এর আওতায় এ আয়োজন করা হচ্ছে। সকাল ৯টায় অংশগ্রহণকারীদের নিবন্ধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। দুপুর ১টা পর্যন্ত টিএসসি অডিটোরিয়ামে চলবে মূল আলোচনা পর্ব। একই সময়ে টিএসসি প্রাঙ্গণে কোম্পানিগুলোর স্টলে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ হওয়ার আগেই সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পাবেন। এতে তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ার পাশাপাশি চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি হবে।

মেলায় অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন ফি ৫০ টাকা, যা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে অনুষ্ঠান শেষে নিবন্ধন ফি ফেরত দেওয়া হবে। নিবন্ধিত শিক্ষার্থীরা অনুষ্ঠানের উপকরণ, নাশতা ও দুপুরের খাবারের টোকেন পাবেন।

সর্বোচ্চ ৫০০ শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ২৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগে নিবন্ধনকারীরা অগ্রাধিকার পাবেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram