২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

রাজনীতি

গোপালগঞ্জের নাশকতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬২৩:৪৩
গোপালগঞ্জের নাশকতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ময়মনসিংহে কর্মরত এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের স্বার্থে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তার নাম সেলিম মিয়া। তিনি ময়মনসিংহ নগরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৭ সেপ্টেম্বর তিনি ওই ফাঁড়িতে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

২৬ নভেম্বর দুপুরে তাঁকে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের নাশকতার ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে তাঁকে প্রত্যাহার করে অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। জব্দ করা মুঠোফোন দুটি আদালতের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তিনি পুলিশি নজরদারিতে থাকায় এবং তাঁর ব্যক্তিগত মুঠোফোন জব্দ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

২৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram