রমজান শুরু হওয়ার আগেই সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির অভিযোগ, ভোজ্যতেলের ব্যবসায়ীদের চাপের মুখে সরকার ভোক্তাদের স্বার্থ উপেক্ষা করে মূল্যবৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে পড়বে।
২৬ নভেম্বর সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
তিনি বলেন, রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার এমনিতেই চাপের মধ্যে থাকে। এর মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত ভোক্তাদের জন্য বাড়তি দুর্ভোগ তৈরি করবে। ব্যবসায়ীদের স্বার্থকে গুরুত্ব দিতে গিয়ে দেশের প্রায় ১৮ কোটি মানুষের স্বার্থ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এস এম নাজের হোসাইনের দাবি, রমজান সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিবেশ তৈরি করছিলেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। সরকারকে মূল্যবৃদ্ধিতে বাধ্য করতে সরবরাহ বন্ধ রাখার অভিযোগও করেন তিনি।
ক্যাবের এই নেতা বলেন, সীমিত আয়ের মানুষ, বিশেষ করে পোশাকশ্রমিক ও নিম্ন আয়ের পরিবারগুলো ইতোমধ্যে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে আর্থিক চাপে রয়েছেন। নতুন করে সয়াবিন তেলের দাম বাড়লে তাদের মাসিক ব্যয় আরও বেড়ে যাবে। পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, ২০২২ সালে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার পেছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণ দেখানো হয়েছিল। কিন্তু এবার একই ধরনের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। ব্যবসায়ীদের দাবির মুখে সরকার কেন দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এস এম নাজের হোসাইন সতর্ক করে বলেন, ভোক্তাদের স্বার্থের পরিবর্তে ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। এর ফলে বাজার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার পাশাপাশি জনঅসন্তোষ ও বিক্ষোভের পরিস্থিতিও তৈরি হতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫ টাকা। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।




