জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা ও উন্নত জাতের পশু-পাখি পালনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।
বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রাণিসম্পদ খাত। দুধ, মাংস ও ডিমের চাহিদা পূরণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ মানুষের আয় বৃদ্ধিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
২৬ নভেম্বর থেকে শুরু হওয়া ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
এবারের প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য 'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশের স্বনির্ভরতা আরও জোরদার হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।
তিনি জানান, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে।
দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি পণ্য রপ্তানিকে সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা ও বিধিবিধান অনুসরণ করে আরও বিভিন্ন অপ্রচলিত প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। এ খাত এখন আর শুধু গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে।
কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাতের সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত বলেও বাণীতে উল্লেখ করেন তিনি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন।



