২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

অর্থনীতি

চার প্যাকেজে সাড়ে ৬ লাখ টন জ্বালানি কিনবে বিপিসি

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬২২:১৬
চার প্যাকেজে সাড়ে ৬ লাখ টন জ্বালানি কিনবে বিপিসি
ছবি : সংগৃহীত

আগামী বছরের জ্বালানি চাহিদা মেটাতে বড় অঙ্কের আমদানি পরিকল্পনা নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান থেকে ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন মিলিয়ে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।

জ্বালানি তেল আমদানির এই প্রস্তাব বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে বাস্তবায়ন করা হবে। চারটি প্যাকেজের মধ্যে তিনটির সরবরাহের দায়িত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।

অনুমোদিত ক্রয়প্রস্তাব অনুযায়ী, দুটি প্যাকেজে মোট ১ লাখ ৫০ হাজার টন ডিজেল আমদানি করা হবে। এর মধ্যে প্রথম প্যাকেজে ৬০ হাজার টন ডিজেল কিনতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই করে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়।

দ্বিতীয় প্যাকেজে আরও ৯০ হাজার টন ডিজেল আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৪৫ ডলার নির্ধারণ করা হয়েছে। পাঁচটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দিলেও চারটির প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। পরে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরাকে সরবরাহের দায়িত্ব দেওয়া হয়।

জ্বালানি আমদানির সবচেয়ে বড় অংশ থাকছে ফার্নেস অয়েল। তৃতীয় প্যাকেজের আওতায় ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল কেনা হবে। এতে ব্যয় হবে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ধরা হয়েছে ৬৯ দশমিক ৮২ ডলার। এই প্যাকেজেও সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে ট্রাফিগুরা।

অন্যদিকে, চতুর্থ প্যাকেজে ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৭ দশমিক ৩৬ ডলার। দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে ইউনিপেক সিঙ্গাপুরকে সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিপিসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে দেশে মোট ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে। এর অর্ধেক অর্থাৎ ৩৩ লাখ ৩৫ হাজার টন সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাকি ৩৩ লাখ ৩৫ হাজার টন কেনা হবে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে।

জ্বালানি তেল আমদানির অর্থায়ন করা হবে বিপিসির নিজস্ব বাজেট, তেল বিক্রি থেকে পাওয়া আয় এবং অন্যান্য উৎস থেকে নেওয়া ঋণের মাধ্যমে। তবে আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অগ্রিম আয়কর প্রচলিত আইন অনুযায়ী পরিশোধ করতে হবে। এসব কর ও শুল্ক অনুমোদিত ক্রয়মূল্যের বাইরে থাকবে।

সরকারের এই আমদানি পরিকল্পনার মাধ্যমে আগামী বছরের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দেশের বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্প খাতের জ্বালানি চাহিদা পূরণে প্রয়োজনীয় মজুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

#জাতীয়#সংবাদ#জ্বালানি তেল আমদানি#৮ হাজার কোটি টাকার তেল#২০২৭ সালের জ্বালানি পরিকল্পনা
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram