রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
২৬ নভেম্বর সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পর্যায়ক্রমে পাঁচটি ইউনিট উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকবাজারের প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কী পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাদের কাছে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।




