২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান ডেপুটি স্পিকারের

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬২১:২৭
মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান ডেপুটি স্পিকারের
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

জাতীয় সংসদকে আরও শক্তিশালী, দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পুনর্বিবেচনার পাশাপাশি রাজনীতিতে যোগ্য, মেধাবী ও পেশাদার মানুষের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, দেশের অনেক যোগ্য ও দক্ষ মানুষ রাজনীতিতে আসতে আগ্রহী নন। অথচ রাষ্ট্র পরিচালনা ও জাতীয় উন্নয়নে তাদের মেধা, অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা কাজে লাগানো জরুরি। তরুণ প্রজন্ম, সুশীল সমাজ এবং বিভিন্ন পেশার সচেতন নাগরিকদের রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

২৬ নভেম্বর রাজধানীর গুলশানের দি সিক্স সিজনস হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার। ‘হাউ ক্যান দ্য ন্যাশনাল পার্লামেন্ট বি মেড মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন। এতে সহযোগিতা করে ঢাকার রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস।

সংসদের কার্যকারিতা বাড়ানোর আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন কায়সার কামাল। তার মতে, সংসদ সদস্যরা যাতে জনগণের স্বার্থে স্বাধীনভাবে মতামত দিতে পারেন এবং ভিন্নমত প্রকাশ করতে পারেন, সেই সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে ভাবতে হবে। এ জন্য ৭০ অনুচ্ছেদের সংশোধন বা সংস্কার নিয়ে নতুন করে আলোচনা প্রয়োজন।

জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, সংসদীয় কমিটির ক্ষমতা, সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা নিশ্চিত করতে সাংবিধানিক বিধানগুলোর যথাযথ বাস্তবায়ন প্রয়োজন।

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, বিভিন্ন সময়ে গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়। তবে ২০০৮ সালের পর গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমান সংসদের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে কায়সার কামাল বলেন, অতীতের তুলনায় বর্তমান সংসদ অনেক বেশি কার্যকর হওয়ার সুযোগ তৈরি করেছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে একসঙ্গে কাজ করার ইতিবাচক পরিবেশ রয়েছে। দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া এই সুযোগ কাজে লাগিয়ে সংসদকে সত্যিকার অর্থে জনগণের প্রত্যাশার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

দেশ পুনর্গঠনে শুধু রাজনৈতিক দল নয়, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ সংবিধান বিশেষজ্ঞ, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রবিজ্ঞানী, বিশিষ্ট ফেলো, নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় তারা জাতীয় সংসদের দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

#জাতীয়#সংবাদ#ডেপুটি স্পিকার কায়সার কামাল#মেধাবীদের রাজনীতি#বাংলাদেশের জাতীয় সংসদ#সংবিধানের ৭০ অনুচ্ছেদ#সংসদ সদস্যদের স্বাধীনতা#জাতীয় সংসদের কার্যকারিতা
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram