বাজারে ভোজ্যতেলের দাম আরও এক দফা বাড়ল। বোতলজাত ও খোলা—উভয় ধরনের সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৩ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে পাঁচ লিটারের বোতল কিনতে আগের তুলনায় ১৫ টাকা বেশি গুনতে হবে ক্রেতাদের। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
২৬ নভেম্বর বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। অন্যদিকে, খোলা পাম তেলের দাম আগের মতোই ১৬৬ টাকা থাকছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আমদানি, ঋণপত্র (এলসি) খোলা এবং আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদরের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করে। প্রতিবেদন পর্যালোচনার পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতিতে নতুন দাম নির্ধারণ করা হয়।
এ সময় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়নি। ফলে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল।
আসন্ন রমজানে বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় ব্যবসায়ী সংগঠনটি।
অন্যদিকে, নতুন দাম নির্ধারণের পাশাপাশি বাজারে যাতে কৃত্রিম সংকট তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক অবস্থান নিয়েছে সরকার। অবৈধভাবে তেল মজুত এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


