ঘটনার পর রাশিয়ার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে বেনগাজিভিত্তিক প্রশাসন। হামলার উৎস, ব্যবহৃত অস্ত্র এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বন্দর এলাকা নিরাপদ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটিকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক তালহা আব্দুলরাজাক আল-জাজিরাকে বলেছেন, এ হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে। তার মতে, গত বছরের শেষ দিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ও ত্রিপোলিভিত্তিক প্রশাসনের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে সমঝোতার খবর প্রকাশিত হয়েছিল। সেই ব্যবস্থার আওতায় লিবিয়ায় ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি তৈরির সম্ভাবনার কথাও আলোচনায় আসে।
পূর্বাঞ্চলীয় লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। তার দাবি, পশ্চিম লিবিয়া থেকে ড্রোনগুলো পাঠানো হয়ে থাকতে পারে। সেখানে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে তদন্তের পাশাপাশি কিয়েভের আনুষ্ঠানিক ব্যাখ্যাও চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই রাজনৈতিকভাবে বিভক্ত লিবিয়া। বর্তমানে রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘ-স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলে বেনগাজিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বী প্রশাসন ক্ষমতা পরিচালনা করছে।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লিবিয়ার অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ফলে দেশটির বন্দরে রুশ জাহাজে হামলার ঘটনা ইউক্রেন-রাশিয়া সংঘাতের ভৌগোলিক বিস্তার এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।


