জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের লক্ষ্য করে একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব ঘটনার জন্য পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে দায়ী করে তিনি অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বকে আতঙ্কিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
২২ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ ও প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম।
পোস্টে তিনি উল্লেখ করেন, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার অভিযোগও তোলেন তিনি।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পোস্টে উল্লেখ করেন এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলামের অভিযোগ, জনগণের কাছে প্রত্যাখ্যাত ও রাজনৈতিকভাবে পরাজিত হওয়ার পরও পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী তাদের কর্মকাণ্ড থেকে সরে আসেনি। বরং জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ওপর ধারাবাহিক হামলার মাধ্যমে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে তারা।
এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, একের পর এক হামলার পরও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। সরকারের এমন নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতা অপরাধীদের আরও উৎসাহিত করছে।
তিনি হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চোরাগোপ্তা হামলা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলামের মতে, শুধু জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের নয়, শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।


