ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলেই চোখের সামনে ভেসে ওঠে ঘণ্টার পর ঘণ্টা জ্যাম আর ক্লান্তিকর এক যাত্রা। তবে সেই চিরচেনা ভোগান্তির দিন বোধহয় এবার শেষ হতে চলেছে। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত এই রুটে আসতে যাচ্ছে এক মেগা পরিবর্তন।
সম্প্রতি প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পের তথ্য অনুযায়ী, ২৩৩ কিলোমিটার দীর্ঘ এই ৬ লেনের এক্সপ্রেসওয়েটি তৈরি হলে দুই শহরের যাতায়াতের সময় নেমে আসবে মাত্র ৩ ঘণ্টায়!
প্রকল্পটির মূল আকর্ষণ হলো এর আধুনিক নকশা। পুরো পথটি হবে অ্যাক্সেস-কন্ট্রোলড, যেখানে রিকশা, অটোরিকশা বা মোটরসাইকেলের মতো ধীরগতির স্থানীয় যানবাহন উঠতে পারবে না—তাদের জন্য থাকবে আলাদা সার্ভিস লেন। পাশাপাশি যানজট এড়াতে প্রায় ৬৫ কিলোমিটার পথ তৈরি হবে উড়ালসড়ক বা এলিভেটেড আকারে।
প্রায় ১০ বিলিয়ন ডলার (১.২৫ লাখ কোটি টাকা) ব্যয়ের এই মেগা প্রকল্পের কাজ ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০৩২ সালের ডিসেম্বরে শেষ হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু সাধারণ যাত্রীদের সময়ই বাঁচবে না, বরং আমদানি-রপ্তানি বাণিজ্যেও আসবে অভাবনীয় গতি। এখন দেখার বিষয়, চূড়ান্ত অনুমোদনের পর কত দ্রুত আলোর মুখ দেখে স্বপ্নের এই এক্সপ্রেসওয়ে!


