অভিনয় থেকে দীর্ঘ বিরতির পর নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী সারিকা সাবাহ। তবে এবার শুধু রোমান্টিক গল্প নয়, ভালোবাসার আড়ালে রহস্যের ইঙ্গিতও থাকছে তাঁর নতুন কাজটিতে। খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধে ‘সেলফি’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাঁকে।
আগামী ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। নির্মাণ করেছেন মুশফিকা মাসুদ। রোববার (২২ নভেম্বর) প্রকাশিত হয়েছে এর প্রথম পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়েই সামনে এসেছে সারিকার পর্দায় ফেরার খবর।
একসময় নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন সারিকা সাবাহ। তবে গত এক বছরের বেশি সময় ধরে অভিনয়ে তাঁকে তেমন দেখা যায়নি। গত বছর একটি ওয়েব সিরিজ ও একটি নাটকে অভিনয়ের পর অনেকটা আড়ালে ছিলেন এই অভিনেত্রী। নতুন ওয়েব ফিল্মের মাধ্যমে আবারও অভিনয়ে সরব হচ্ছেন তিনি।
সারিকা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘একটা সেলফি, আর তারপর থেকেই শুরু এক অদ্ভুত গল্পের। কিন্তু এই গল্পের শেষটা কি শুধুই ভালোবাসার নাকি অপেক্ষা করছে অন্য কিছু?’
প্রকাশিত পোস্টারে দেখা যায়, গিটার হাতে গান গাইছেন খায়রুল বাসার। পাশে বসে হাসিমুখে তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন সারিকা। প্রথম দেখায় দৃশ্যটি প্রেমের গল্পের আভাস দিলেও অভিনেত্রীর বক্তব্যে গল্পের ভিন্ন মোড়ের ইঙ্গিত মিলেছে।
ওয়েব ফিল্মটিতে সারিকা ও খায়রুল বাসারের পাশাপাশি অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু। রোমান্সের সঙ্গে রহস্যের মিশেল থাকা গল্পটি দর্শকদের কতটা আগ্রহী করে তুলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।



