দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে বড় অবদান রাখছেন প্রবাসীরা। চলতি নভেম্বরের প্রথম ২১ দিনেই দেশে এসেছে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা। ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।
এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক রেমিট্যান্স আহরণে শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। আর ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক।
অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার। সোনালী ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার।
নভেম্বরের প্রথম তিন সপ্তাহের এই রেমিট্যান্স প্রবাহে বেসরকারি ব্যাংকগুলোর বড় অংশগ্রহণ দেখা গেছে। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



