ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের ব্যস্ততা পেরিয়ে আবারও টেলিভিশন নাটকে ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আর এই প্রত্যাবর্তনে তাঁর সঙ্গী হচ্ছেন পরিচিত সহশিল্পী ফারহান আহমেদ জোভান। তিন বছরের বেশি সময় পর পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই জুটিকে।
‘প্রাণ সখিয়া’ নামের নতুন নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ইতোমধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। সম্প্রতি শুটিংয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে কাজটির খবর জানিয়েছেন নির্মাতা। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ততা বাড়ার পর টেলিভিশন নাটকে অনিয়মিত হয়ে পড়েন ফারিণ। দীর্ঘ বিরতির পর ‘প্রাণ সখিয়া’ দিয়েই নাটকে ফিরছেন তিনি।
এর আগে সর্বশেষ রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। এরপর কিছুটা বিরতি নিয়ে চলতি মাসে ইমরাউল রাফাত পরিচালিত ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’র মাধ্যমে আবার অভিনয়ে সক্রিয় হন। সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, জোভান ও ফারিণের একসঙ্গে অভিনয়ের অপেক্ষায় ছিলেন তাঁদের ভক্তরা। একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে একসময় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা যায়। এরপর তিন বছরেরও বেশি সময় পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের।
দীর্ঘ বিরতির পর ‘প্রাণ সখিয়া’ সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে। নাটকটির গল্প ও প্রচারের তারিখ সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে ফারিণের নাটকে ফেরা এবং জোভান-ফারিণ জুটির পুনর্মিলন—দুই কারণেই কাজটি নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে।



