২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

বিলোনিয়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬২১:১৯
বিলোনিয়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি সরেজমিনে দেখতে ফেনীর বিলোনিয়া সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

২২ নভেম্বর দুপুরে ফেনীর পরশুরামের বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট ও মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। সেখান থেকে তিনি বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্টে যান। পরিদর্শনকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মজুমদারহাট সীমান্ত ফাঁড়ির কার্যক্রম পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকানো, মাদক পাচার এবং চোরাচালান বন্ধ করাই ছিল এ সফরের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে আগামী ডিসেম্বর পর্যন্ত অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ মাহমুদ আজম, পরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান এবং ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম জানান, কুমিল্লায় বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক পরশুরাম ও বিলোনিয়া সফর করেন।

সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালনে সতর্কতা বজায় রাখার বিষয়টি এই পরিদর্শনে গুরুত্ব পেয়েছে।

#জাতীয়#সংবাদ#বিজিবি মহাপরিচালক#বিলোনিয়া সীমান্ত#মজুমদারহাট সীমান্ত ফাঁড়ি#ভারত বাংলাদেশ সীমান্ত#সীমান্তে অনুপ্রবেশ#মাদক চোরাচালান
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram