২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর বোর্ডের বৈঠক

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬১০:২৪
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ২৩ নভেম্বর বোর্ডের বৈঠক
ছবি : সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের আলোচনা আবারও শুরু হচ্ছে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। বৈঠকে মালিকপক্ষের মজুরি প্রস্তাব এবং শ্রমিকদের দাবির ভিত্তিতে পরবর্তী সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি হওয়ার কথা রয়েছে।

গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়। এতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের বিষয়টি আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

বৈঠকে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার পাশাপাশি বিভিন্ন শ্রেণির শ্রমিক-কর্মচারীর জন্য নতুন বেতন সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব উপস্থিত থাকার কথা রয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ওই বৈঠকেই মালিকপক্ষের মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তাঁদের যুক্তি ছিল, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণ করা প্রয়োজন।

অন্যদিকে, ওই সভায় মালিকপক্ষ কোনো নির্দিষ্ট মজুরি প্রস্তাব দেয়নি। বরং প্রস্তাব তৈরির জন্য সময় চাওয়া হলে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। ফলে আজকের বৈঠকে মালিকপক্ষের অবস্থান এবং নতুন মজুরি নির্ধারণের আলোচনায় কী অগ্রগতি হয়, সেদিকেই নজর রয়েছে পোশাকশ্রমিকদের।

#জাতীয়#সংবাদ#পোশাকশ্রমিকদের মজুরি#ন্যূনতম মজুরি#৩২ হাজার টাকা মজুরি#গার্মেন্টস শ্রমিকদের বেতন#শ্রমিকদের বেতন বৃদ্ধি#বাংলাদেশ গার্মেন্টস#শ্রম মন্ত্রণালয়#পোশাকশিল্পের খবর
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram