২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬১০:৪৬
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
ছবি : সংগৃহীত

বিদেশে যাওয়ার প্রস্তুতির মধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। ২২ নভেম্বর দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি।

২৩ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেলে তাকে আটক করা হয়। পরে বিমানবন্দর থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নামগুলোর একটি সুইডেন আসলাম। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২২টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

শেখ মো. আসলাম নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তার নাম ছিল।

তার অপরাধজগতে জড়িয়ে পড়ার ইতিহাস বেশ পুরোনো। ১৯৮৬ সালে রাজধানীর পূর্ব রাজাবাজারে একটি স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর রাজধানীতে একের পর এক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসেন তিনি। একপর্যায়ে সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরবর্তী সময়ে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।

দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। মুক্তির প্রায় দুই বছর পর এবার বিদেশযাত্রার সময় রাজধানীর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা এবং এবারের গ্রেপ্তারের পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলে।

#জাতীয়#সংবাদ#সুইডেন আসলাম গ্রেপ্তার#বিমানবন্দরে গ্রেপ্তার#ঢাকা মহানগর পুলিশ#ডিবি পুলিশ#শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর#থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার#২৩ শীর্ষ সন্ত্রাসী#বাংলাদেশ ক্রাইম নিউজ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম | ২৪ঘণ্টা