২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

অর্থনীতি

ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ল সোনার দাম

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬১২:৪৭
ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ল সোনার দাম
ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কয়েক দফা দরপতনের পর এবার এক লাফে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ায় সোনার গয়না কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে।

২৩ নভেম্বর সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সিদ্ধান্তের পর নতুন দাম ঘোষণা করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এর আগে এই ক্যাটাগরির সোনার দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

অন্যান্য মানের সোনার নতুন দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।

তবে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।

এদিকে গয়না কেনাবেচার ক্ষেত্রেও কিছু নিয়ম অনুসরণের নির্দেশনা দিয়েছে বাজুস। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। ঘোষিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া পুরোনো গয়না বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ এবং গয়না বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। এসব ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।

বাজুসের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে।

#জাতীয়#সংবাদ#আজকের সোনার দাম#বাংলাদেশের সোনার দাম#স্বর্ণের দাম বৃদ্ধি#প্রতি ভরি সোনার দাম#Gold Price Bangladesh#BAJUS Gold Price
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram