দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। ২৫ নভেম্বর সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশের বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দক্ষিণ আফ্রিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার প্রস্তাব তুলে ধরেন হাইকমিশনার। এ সময় জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়।
জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে বিমান যোগাযোগ সম্প্রসারণ প্রয়োজন। ভবিষ্যতে জোহানেসবার্গ ও কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
শুধু বিমান যোগাযোগ নয়, দুই দেশের পর্যটন খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে আন্তর্জাতিক পর্যটকদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত করার সম্ভাবনার কথা বলেন।
অন্যদিকে, পর্যটন খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সমন্বয় এবং সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত সরাসরি বিমান যোগাযোগ বাস্তবায়িত হলে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের যাতায়াতের পাশাপাশি দুই দেশের ব্যবসা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগও বাড়তে পারে।
সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



