২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

ফের রিমান্ডে সাঈদ খোকন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬১৬:৩৪
ফের রিমান্ডে সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যার মামলায় গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল তাকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালতে গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার পুলিশি পাহারায় সাঈদ খোকনকে আদালতে তোলা হয়। পরে আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে বলা হয়, সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন জবাব দিয়ে ডিবি পুলিশকে বিভ্রান্ত করে মামলার মোড় অন্যদিকে প্রবাহের চেষ্টা করেন সাঈদ খোকন। মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থাসংক্রান্ত ব্যাপারে সে কোনো সদুত্তর দিতে পারেনি। তবুও সে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই, মূল রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ওইদিন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন।

এতে আরও বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নোক্ত কারণে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram