বিদেশে চাকরির জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়ের প্রচলিত বাস্তবতার বাইরে নতুন সুযোগ পাচ্ছেন বাংলাদেশের কর্মীরা। কোনো ধরনের অভিবাসন খরচ ছাড়াই মালয়েশিয়ায় কাজ করতে যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। তাঁদের যাতায়াতসহ সব ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কর্মীদের নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে।
নির্বাচিত এই ১১২ কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ায় কাজে যোগ দেবেন। নিয়োগদাতা প্রতিষ্ঠান তাঁদের বিমানভাড়াসহ যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করবে। ফলে কর্মীদের বিদেশে চাকরি পেতে ব্যক্তিগতভাবে অভিবাসন ব্যয় করতে হবে না।
সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে আবেদন গ্রহণ ও লটারির মাধ্যমে প্রার্থী বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করা হয়।
বোয়েসেল সূত্র জানায়, গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় অনলাইন পদ্ধতি বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়।
পরবর্তী সময়ে তাঁদের সাক্ষাৎকার গ্রহণের সময় কয়েকজন প্রার্থী অনুপস্থিত থাকায় নতুন করে আরও ৫০ জনকে লটারির মাধ্যমে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচিত করে মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান।
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অভিবাসন ব্যয় একটি বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানের খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগ প্রবাসে চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। প্রথম পর্যায়ের কার্যক্রমের অভিজ্ঞতা পরবর্তী কর্মী নিয়োগ ও পাঠানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


