২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

মিস ইউনিভার্সে ইসরায়েলি সুন্দরীর শান্তির বার্তা, বিতর্ক

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬১৩:৪৯
মিস ইউনিভার্সে ইসরায়েলি সুন্দরীর শান্তির বার্তা, বিতর্ক
ছবি : সংগৃহীত

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে নজর কাড়ল ইসরায়েলের প্রতিনিধি ড্যানিয়েল ইয়াবলনকার ব্যতিক্রমী পোশাক। জেরুজালেমের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি পোশাকে তিন ভাষায় ‘শান্তি’ শব্দটি ব্যবহার করে সহাবস্থানের বার্তা দিয়েছেন তিনি। তবে তাঁর এই উপস্থাপনা প্রশংসার পাশাপাশি সামাজিক মাধ্যমে সমালোচনারও জন্ম দিয়েছে।

মিস ইউনিভার্সের ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে ইয়াবলনকার পোশাকের নাম ছিল ‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’। সোনালি রঙের জমকালো পোশাক, অলংকৃত মুকুট এবং দুই পাশে বিস্তৃত বিশাল কেপে ফুটিয়ে তোলা হয় জেরুজালেমের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা অনুষঙ্গ।

পোশাকের কেপে স্থান পেয়েছে পুরোনো স্থাপনা, জলপাইয়ের শাখা, বিভিন্ন ফল ও ফুল এবং সাদা কবুতরের ছবি। এসব উপাদানের মাধ্যমে ঐতিহ্য, জীবনের সম্ভাবনা ও আশার প্রতীক তুলে ধরতে চেয়েছেন ইয়াবলনকা।

তবে পোশাকটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল ‘পিস’ বা ‘শান্তি’ শব্দটি। ইংরেজি, হিব্রু ও আরবি—তিন ভাষায় শব্দটি লেখা ছিল পোশাকে। এর মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান ও সম্প্রীতির প্রত্যাশা তুলে ধরার চেষ্টা করেন ইসরায়েলি এই প্রতিযোগী।

দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াবলনকা জানান, কেবল সংবাদমাধ্যমের শিরোনামে সীমাবদ্ধ না থেকে ইসরায়েলের একটি ভিন্ন গল্প তুলে ধরাই ছিল তাঁর পোশাকের উদ্দেশ্য।

তবে তাঁর শান্তির বার্তা নিয়ে অনলাইনে তৈরি হয়েছে ভিন্নমত। অনেকে পোশাকের নকশা, কারুকাজ এবং শান্তির প্রতীকী উপস্থাপনার প্রশংসা করেছেন। আবার গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগ সামনে এনে অনেকে এই বার্তার সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি তুলে ধরেছেন। কিছু ব্যবহারকারী ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।

এদিকে এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসেছে পুয়ের্তো রিকোতে। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গ্র্যান্ড ফিনালে। ওই দিনই ঘোষণা করা হবে এবারের বিশ্বসুন্দরীর নাম।

#জাতীয়#সংবাদ#মিস ইউনিভার্স ২০২৬#ইসরায়েলের সুন্দরী#ন্যাশনাল কস্টিউম#মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো#জেরুজালেমের ঐতিহ্য#ফিলিস্তিন#গাজা
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram