নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাস ও ঝুটবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৃথক দুই ঘটনায় পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যানবাহন দুটির মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট মালিকদের হিসাবে, আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
২২ নভেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় প্রথম ঘটনাটি ঘটে। সেখানে পার্কিং করে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর ২৩ নভেম্বর ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সাইনবোর্ড এলাকায় অটোরিকশায় আসা কয়েকজন ব্যক্তি বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। অন্যদিকে ফতুল্লায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটিতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেন। তবে দুই ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাসটির মালিক রাসেল জানান, নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচলকারী বাসটি কর্মীরা নির্দিষ্ট স্থানে রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে তাঁর আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সাত মিনিটের মধ্যে পৌঁছে কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
এদিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকার ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট বোঝাই ছিল। আগুনে ট্রাকে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের দাবি, এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ট্রাকের চালক ও আশপাশে থাকা অন্যান্য গাড়ির চালকেরা ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে তাঁরা নিজেরা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুটবোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাসে আগুনের ঘটনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের খবর তিনি পেয়েছেন। তবে ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার অধীন হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের কারণ কিংবা কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঘটনাস্থলেই রয়েছে। মালিক থানায় এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ট্রাকে আগুনের ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই মো. মফিজুর রহমান জানান, টহল চলাকালে আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এবং কী কারণে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।



