২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

ফসলের অপচয় রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগার চান পরিবেশমন্ত্রী

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬১৭:২১
ফসলের অপচয় রোধে সৌরবিদ্যুৎচালিত হিমাগার চান পরিবেশমন্ত্রী
ছবি : সংগৃহীত

মাঠে ফসল ফলিয়েও সংরক্ষণের অভাবে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন অনেক কৃষক। উৎপাদিত ফল ও সবজি বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যাওয়ায় প্রতিবছর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাদের। এই পরিস্থিতি বদলাতে গ্রামীণ পর্যায়ে সৌরবিদ্যুৎচালিত হিমাগার স্থাপন এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

২৪ নভেম্বর সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা রক্ষায় কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব এবং বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা কৃষকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফসল সংগ্রহের পর যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।

তিনি জানান, শুধু হিমাগার নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। উৎপাদনস্থল থেকে বাজার পর্যন্ত পণ্য পরিবহনে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রুত শীতলীকরণ, সংরক্ষণ এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা পর্যবেক্ষণের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে কৃষকের উৎপাদিত পণ্যের অপচয় কমবে এবং বাজারজাত করার সুযোগ বাড়বে। ফলে কৃষকের আয়ও বাড়তে পারে।

রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপন করা সৌরবিদ্যুৎচালিত হিমাগারের অভিজ্ঞতা তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের আবহাওয়া, কৃষিপদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের বাস্তবতা বিবেচনায় নিয়ে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের কৃষিপ্রধান এলাকায় আরও নির্ভরযোগ্য সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে।

প্রকল্পের আওতায় স্থাপিত হিমাগারে তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তিটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় নেতৃত্ব দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে অর্থায়ন করেছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)।

অনুষ্ঠানে মন্ত্রী প্রকল্পের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক সংস্থা, গবেষক, স্থানীয় অংশীদার ও কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। দেশের অন্যান্য কৃষিপ্রধান এলাকায় এ প্রযুক্তি সম্প্রসারণে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য দেন। এ সময় সরকারি কর্মকর্তা, গবেষক, কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধি, এনজিও এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সৌরবিদ্যুৎচালিত হিমাগার ও আধুনিক পরিবহনব্যবস্থা সম্প্রসারণ করা গেলে কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#জাতীয়#সংবাদ#সৌরবিদ্যুৎচালিত হিমাগার#কৃষিপণ্য সংরক্ষণ#ফসলের অপচয় রোধ#পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু#সৌরবিদ্যুৎ প্রযুক্তি#কৃষি প্রযুক্তি#জলবায়ু সহনশীল কৃষি#Solar Powered Cold Storage#Bangladesh Agriculture
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram