২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

নারী ক্রিকেটে নতুন নিয়ম নতুন আশা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬১৭:০৯
নারী ক্রিকেটে নতুন নিয়ম নতুন আশা
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মেয়েদের যৌন হয়রানির ঘটনা নতুন নয়। নানা সময়ে নানারূপে এটি আসলেও খুব বেশি প্রতিকার পাওয়া যায়নি। এবার সেটাই হয়েছে দেশের ক্রিকেটে। জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুধু একজন অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি দিয়ে ক্ষান্ত হচ্ছেনা। নারী ক্রিকেটারদের জন্য আলাদা ও স্বাধীন অভিযোগ-ব্যবস্থাও তৈরি করা হয়েছে।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। অভিযোগের পর বিসিবি শুরুতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে; পরে আরও দু’জন আইন বিশেষজ্ঞ যুক্ত করা হয়। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম কমিটির নেতৃত্বে ছিলেন। চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি। বাকি দুটি অভিযোগের মধ্যে মঞ্জুরুল ইসলামের আচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তদন্ত কমিটির পর্যবেক্ষণে তাঁর আচরণ পেশাগত মানদন্ডের সঙ্গে অসঙ্গতি পাওয়া যায়। যার সুত্র ধরে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিসিবি মঞ্জুরুলকে বিসিবির আওতাধীন সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম ও ভবিষ্যৎ দায়িত্ব থেকে নিষিদ্ধ করে। যদিও বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়ার গত বছরের ৩০ জুন শেষ হয়ে যায়। তার নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল ভবিষ্যতে তিনি যেন বিসিবির অধীনে কোনো দায়িত্ব বা ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকান্ডের সঙ্গে যুক্ত হতে না পারেন। যদিও এরপরই মঞ্জুরুলর আদালতে রিট করেন। চলতি বছরের মে ও জুলাইয়ে বিসিবির নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুটি রিট আবেদন করেছিলেন। হাইকোর্ট অবশ্য দুটি রিটই খারিজ করে দেয়। বিসিবি থেকে সর্বশেষ জানা যায়, মঞ্জুরুল ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাননি। একই সঙ্গে বিসিবি বলেছে, যৌন হয়রানির ঘটনা নিয়ে পৃথক ফৌজদারি মামলা করার সুযোগ রয়েছে, তবে সেটি ভুক্তভোগীকেই করতে হবে। বিসিবির আইনজীবীর ভাষ্য অনুযায়ী, জাহানারা এখনো এমন ফৌজদারি মামলা করার বিরার সিদ্বান্ত নেননি। এখন তিনি আবার জাতীয় দলে ফেরার আশা পূর্নব্যক্ত করেছেন। তবে ক্রিকেটপ্রেমিদের আশা ছিল তদন্ত কমিটি জনসমক্ষে প্রতিবেদনটি প্রকাশ করবে, কিন্তু সেটি করা হয়নি।

বাংলাদেশের আইন অনুযায়ী, যৌন হয়রানি-সংক্রান্ত তদন্তের নথি ও প্রতিবেদন গোপনীয় রাখার বিধান রয়েছে। কারণ এতে অভিযোগকারী, সাক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ও সংবেদনশীল অনেক তথ্য থাকতে পারে। এদিকে আদালতের রায় ও বিসিবির শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের পর বেশকিছু বড় পদক্ষেপ, স্বাধীন অভিযোগ কমিটি করা হয়। নারী ক্রিকেটারদের যৌন হয়রানি বা নিপীড়নের অভিযোগ গ্রহণ ও পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে। কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন; একজন সাবেক নারী ক্রিকেটারকেও সদস্য করার কথা রয়েছে। নতুন এই ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কমিটিতে বিসিবির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। দেশের ক্রিকেট নিয়ন্ত্রা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এর মাধ্যমে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব বা স্বার্থের সংঘাত এড়িয়ে নারী ক্রিকেটারদের ভয় বা কোন প্রকার চাপ ছাড়াই অভিযোগ জানানোর সুযোগ তৈরি করা হয়েছে। নতুন গঠিত এই কমিটি মূলত জাহানারা আলমের অভিযোগের তদন্তের পরবর্তী প্রাতিষ্ঠানিক ফলাফল হিসেবে দেখা হচ্ছে। আগের তদন্ত কমিটি অভিযোগ তদন্তের পাশাপাশি ভবিষ্যতে নারী ক্রিকেটারদের অভিযোগ জানানোর জন্য যুৎসই আর গ্রহনযোগ্য আলাদা ব্যবস্থা তৈরির সুপারিশ করেছিল।

মূলত সেই সুপারিশ বাস্তবায়ন করতেই নতুন স্বাধীন অভিযোগ কমিটি করা হয়েছে। অর্থাৎ জাহানারার অভিযোগের পর স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি মঞ্জরুল ইসলামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। এরপরই অভিযোগ ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ নেওয়া হয়। এরপরই স্বাধীন অভিযোগ কমিটি গঠন করা হয়, আর এটাই এখন পর্যন্ত পুরো প্রক্রিয়ার বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এতে করে যৌন হয়রানির মতো ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন সময়ে ছুটি দিতে যাচ্ছে বিসিবি। সবচেয়ে বড় কথা নারী ক্রিকেটারদের অনেক ঘটনাই থেকে যায় আড়ালে। এসব কিছু এড়ানোর জন্যই এতকিছু করছে বিসিবি। এখন সবকিছু প্রমাণের পালা, সেটাই চাইছেন নারী ক্রিকেটাররা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram