বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’। বনানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রকৃত নগর উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত হয়। তিনি জানান, সরকারের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ এবং প্রতিটি তরুণের জন্য প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনকে নতুনভাবে এগিয়ে নিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে নেওয়া হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা ও আর্থিক নিরাপত্তা দেওয়া হবে। খেলোয়াড়দের উদ্দেশে মন্ত্রী বলেন, একটি ট্রফি বিজয়ী করতে পারে, কিন্তু আচরণ, সততা ও ক্রীড়াসুলভ মনোভাবই প্রকৃত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে। জয়ী হলে বিনয়ী থাকতে হবে, আর পরাজিত হলে সাহস হারানো যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



