দেশের বাজারে ফলের সরবরাহ বাড়ানো এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি ঘোষণা করেছে সরকার। গত ২৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সময়ে তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাজা ও শুকনো খেজুর আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ সুবিধা প্রজ্ঞাপন জারির দিন থেকে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
এই সুবিধার আওতায় এইচএস কোড ০৮০৪.১০.১১, ০৮০৪.১০.১৯, ০৮০৪.১০.২১ এবং ০৮০৪.১০.২৯-এর অন্তর্ভুক্ত চার শ্রেণির খেজুর আমদানি করা যাবে। এর মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৫ কেজি ওজনের প্যাকেট বা কৌটায় মোড়কজাত তাজা ও শুকনো খেজুরসহ অন্যান্য শ্রেণির খেজুর রয়েছে।
অন্যদিকে, কমলা ও আপেল আমদানিতেও দেওয়া হয়েছে একাধিক কর সুবিধা। এসব ফলের ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক এবং অগ্রিম কর থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সুবিধা আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে কমলা আমদানির জন্য এইচএস কোড ০৮০৫.১০.৯০ এবং আপেলের জন্য ০৮০৮.১০.৯০ নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সীমার অতিরিক্ত প্রযোজ্য শুল্ক ও করের ক্ষেত্রে এ অব্যাহতি কার্যকর হবে। এর মধ্যে ৫ শতাংশের বেশি শুল্ক, ৫ শতাংশের বেশি নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং ২০ শতাংশের বেশি সম্পূরক শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারের এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট ফল আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের করভার কমবে। পাশাপাশি আমদানি ও সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এই সুবিধার সুফল সাধারণ ক্রেতারা কতটা পাবেন, তা নির্ভর করবে আমদানিকারক ও ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ এবং বাজারে সরবরাহ পরিস্থিতির ওপর।



