২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীরা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬১৯:৪৪
সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীরা

ম ম রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি: মহাবিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং বিলুপ্তির ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী ও আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে শকুন সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

২৫ নভেম্বর বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে অবস্থানরত একটি ভাসমান জাহাজে বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এ সম্মেলন শুরু হয়। এতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। বর্তমানে সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা মাত্র ২৪৮টি। অথচ চার দশক আগেও এ অঞ্চলে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। সময়ের ব্যবধানে আশঙ্কাজনকভাবে কমে গেছে এ পাখির সংখ্যা, যা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য উদ্বেগজনক।

তিনি জানান, বিলুপ্তির ঝুঁকিতে থাকা শকুন রক্ষায় ২০১১ সাল থেকে কাজ করছে ‘এশিয়ান ভলচার্স ফ্রম এক্সটিংকশন’। এর আগে ২০০৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এবারই প্রথম এ ধরনের আন্তর্জাতিক সভার আয়োজন করা হয়েছে।

সম্মেলনে শকুনের জন্য সম্পূরক খাদ্যের ব্যবস্থা, নিয়মিত সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গতিবিধি অনুসরণ এবং অসুস্থ বা বিপন্ন শকুন উদ্ধার ও পুনর্বাসনের বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

0db80e41-ea6e-4954-9bdb-a5317b7e222d.jpeg

বিশেষজ্ঞরা শকুনের দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিশ্চিত করতে দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার এবং অভিন্ন সংরক্ষণ কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরছেন।

প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী বলেন, এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে সম্মিলিত উদ্যোগ আরও গতিশীল করতে এ আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শকুন সংরক্ষণে সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় শকুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত প্রাণীর দেহাবশেষ দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং রোগজীবাণুর বিস্তার কমাতে এ পাখি প্রাকৃতিকভাবে সহায়তা করে। তাই সুন্দরবনসহ দেশের প্রাকৃতিক পরিবেশে শকুনের অস্তিত্ব টিকিয়ে রাখতে কার্যকর সংরক্ষণ উদ্যোগ এখন সময়ের দাবি।

আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এতে সহযোগিতা করছে।

সুন্দরবনে জাহাজে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের ১০টি দেশের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডা। এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’-এর বার্ষিক সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে আয়োজন করা হচ্ছে।

বন বিভাগ ও আইইউসিএনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। আইইউসিএনের সর্বশেষ তথ্যে দেশে শকুনের সংখ্যা ২৪৮টি বলে উল্লেখ করা হয়েছে। অথচ চার থেকে পাঁচ দশক আগেও দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার।

বর্তমানে সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ বিভিন্ন এলাকায় এবং সিলেট অঞ্চলে শকুনের দেখা মেলে। সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই পাখির সংখ্যা পুনরুদ্ধার এবং দেশের আকাশে আবারও শকুনের অবাধ বিচরণ নিশ্চিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত ‘সেভ’ বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ এবং সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে। সুন্দরবনে এবারের সম্মেলন শকুন সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram