২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা, টহলে কোস্ট গার্ড

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬১৯:৪১
দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা, টহলে কোস্ট গার্ড
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

রবি ডাকুয়া, বাগেরহাট: সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গোপসাগরসংলগ্ন উপকূল ও নৌপথে বিশেষ টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উৎসবকে কেন্দ্র করে কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল নিয়োজিত রয়েছে। দুবলার চর ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এ ছাড়া সুন্দরবনের বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে বন বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) দুবলার চর থেকে দেওয়া এক ব্রিফিংয়ে কোস্ট গার্ডের বিসিজিএস তৌহিদের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ এসব নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। এ সময় পুলিশ, র‍্যাব, বন বিভাগের কর্মকর্তা এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, সুন্দরবনকে বনদস্যুমুক্ত রাখা এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানে ৪৩ জন বনদস্যুকে আটক এবং বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুই পর্যটক ও একজন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে।

এদিকে, এবারের রাস পূর্ণিমা উপলক্ষে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথ দিয়ে পুণ্যার্থীদের দুবলার চরে যাতায়াতের ব্যবস্থা করা হয়। ২৪ নভেম্বর সকালে বঙ্গোপসাগরের জোয়ারের সময় পুণ্যস্নানের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশ নেন।

উল্লেখ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে ২০২১ সাল থেকে ঐতিহ্যবাহী রাসমেলা বন্ধ রয়েছে। তবে ধর্মীয় আচার-অনুষ্ঠান হিসেবে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অব্যাহত রয়েছে। উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram