শীতকালে বাজারে স্ট্রবেরির চাহিদা যেমন বাড়ে, তেমনই বাড়ে দামও। তাই স্ট্রবেরি খেতে ভালবাসলে আর শুধু বাজারের উপর নির্ভর করতে হবে না। বাড়ির বারান্দা, ছাদ কিংবা জানলার পাশে পর্যাপ্ত রোদ আসে এমন জায়গা থাকলেই টবে স্ট্রবেরি চাষের চেষ্টা করতে পারেন। গাছটি আকারে খুব বড় হয় না, তাই অল্প জায়গাতেও দিব্যি মানিয়ে যায়। তবে ফল পেতে হলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
১. সঠিক জাত বেছে নিন: সব ধরনের স্ট্রবেরি গাছ টবে ভাল ফল দেয় না। তাই চারা কেনার সময়ে এমন জাত বেছে নিন, যা পাত্রে চাষের উপযোগী এবং আপনার এলাকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে। শীতের জন্য সুইট চার্লি, ফেস্টিভাল, উইন্টার ডন, চ্যান্ডলার বা অ্যালবিয়নের মতো জাতের কথা নার্সারিতে জানতে পারেন। স্থানীয় নার্সারির পরামর্শ নিয়ে সঠিক চারা কিনুন।
২. সঠিক টব চাই: স্ট্রবেরি গাছের শিকড় খুব গভীরে যায় না। তাই খুব গভীর টবের বদলে চওড়া পাত্র বেছে নেওয়া ভাল। ৮ ইঞ্চি গভীর একটি টবে একাধিক গাছ বসালে তাদের মধ্যে পর্যাপ্ত দূরত্ব রাখুন, যাতে গাছের বৃদ্ধি বাধা না পায় এবং বাতাস চলাচল করতে পারে।
৩. জল বেরোনোর ব্যবস্থা রাখুন: টবের তলায় পর্যাপ্ত ছিদ্র থাকা জরুরি। কারণ, অতিরিক্ত জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে। শুধু টবের আকার নয়, তার জল নিষ্কাশনের ব্যবস্থাও ভাল করে দেখে নিন। জল দেওয়ার পরে অতিরিক্ত জল যেন সহজেই বেরিয়ে যেতে পারে।
৪. মাটি হবে ঝুরঝুরে: স্ট্রবেরি গাছের জন্য এমন মাটি প্রয়োজন, যা একদিকে আর্দ্রতা ধরে রাখবে, অন্যদিকে অতিরিক্ত জল বেরিয়ে যেতে দেবে। সাধারণ মাটির সঙ্গে কোকোপিট ও জৈব সার মিশিয়ে নিতে পারেন। ভারী, এঁটেল মাটি এড়িয়ে চলুন। মাটি খুব শক্ত হয়ে গেলে শিকড়ের বৃদ্ধি ব্যাহত হতে পারে।
৫. চারার গোড়া সঠিক উচ্চতায় রাখুন: চারা বসানোর সময়ে একটি বিষয় বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। গাছের যে মোটা অংশ থেকে পাতা বেরোয়, তাকে ক্রাউন বলা হয়। এই অংশটি মাটির খুব গভীরে পুঁতে ফেলবেন না। আবার একেবারে মাটির উপরেও রেখে দেওয়া যাবে না।
৬. পর্যাপ্ত রোদ চাই: স্ট্রবেরি গাছের ভাল বৃদ্ধি ও ফলনের জন্য রোদ অত্যন্ত জরুরি। প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা সরাসরি রোদ পায়, এমন জায়গায় টব রাখুন। সম্ভব হলে সকালের রোদ আসে এমন বারান্দা বেছে নিন। আলো কম পেলে গাছের বৃদ্ধি ও ফলন দুটোই ব্যাহত হতে পারে। প্রয়োজন হলে টব ঘুরিয়ে দিন মাঝেমধ্যে, যাতে গাছের সব দিক সমান আলো পায়।
৭. জল দিন বুঝেশুনে: স্ট্রবেরি গাছের মাটি আর্দ্র থাকা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত ভিজে থাকা চলবে না। শীতকালে মাটি শুকোতে সময় লাগে, তাই রোজ নিয়ম করে জল না দিয়ে আগে মাটির উপরিভাগ পরীক্ষা করুন। উপরের স্তর কিছুটা শুকিয়ে এলে জল দিন। সম্ভব হলে গাছের গোড়ায় জল দেবেন, পাতা ও ফুল ভিজিয়ে দেওয়ার প্রয়োজন নেই। সকালের দিকে জল দিলে সারাদিন ধরে জল শোষণ করার সময় পাবে। অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যেতে পারবে। তাই এই সময়টায় জল দেওয়া শ্রেয়।



