২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জীবন শৈলী

হঠাৎ পেটব্যথা দ্রুত সতর্ক হউন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬১৭:৪৭আপডেট: ২২ নভেম্বর, ২০২৬২০:৪১
হঠাৎ পেটব্যথা দ্রুত সতর্ক হউন

হঠাৎ পেটে ব্যথা শুরু হয়েছে? নির্ঘাত পেটখারাপ বা গ্যাস থেকে যন্ত্রণা হচ্ছে। দোষ দিতে শুরু করেন খাওয়াদাওয়ার উপর। তা সে নিজের হোক বা সন্তানের। অম্বল বা কোষ্ঠকাঠিন্য ভেবে ওষুধ খেয়ে নেন অনেকেই। কিন্তু পেটব্যথা যদি ক্রমশ বাড়তে থাকে, তা হলে বিষয়টি অবহেলা করা বিপজ্জনক হতে পারে। কারণ, সাধারণ হজমের সমস্যা বলে মনে হওয়া ব্যথার পিছনেও থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিসের মতো রোগ!

বিশেষ করে শিশু ও অল্পবয়সিদের ক্ষেত্রে এই রোগের লক্ষণ সব সময়ে স্পষ্ট হয় না। ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা পেটের সংক্রমণ ভেবে অনেক সময়ে চিকিৎসায় দেরি হয়ে যায়। কিন্তু পেটব্যথা যদি দীর্ঘক্ষণ ধরে থাকে, ক্রমশ বাড়ে বা অন্য উপসর্গের সঙ্গে দেখা দেয়, তা হলে অ্যাপেন্ডিসাইটিসের সম্ভাবনাও মাথায় রাখা প্রয়োজন।

অ্যাপেন্ডিসাইটিস আসলে কী?

বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত আঙুলের মতো ছোট একটি থলির নাম অ্যাপেন্ডিক্স। এই অংশে প্রদাহ তৈরি হলে তাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। অনেক ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের মুখ কোনও কারণে বন্ধ হয়ে যায়। ফলে ভিতরে ব্যাক্টেরিয়া বংশবিস্তার করতে শুরু করে। এর জেরে অ্যাপেন্ডিক্স ফুলে যায় এবং প্রদাহ তৈরি হয়। সময়মতো চিকিৎসা না হলে প্রদাহ বাড়তে পারে। গুরুতর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে পেটের ভিতরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। গুরুতর ক্ষেত্রে তা সেপসিসের কারণও হতে পারে। তখন পরিস্থিতি প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

এই রোগের গুরুত্বপূর্ণ লক্ষণ কী?

অ্যাপেন্ডিসাইটিসের অন্যতম প্রাথমিক লক্ষণ হল নাভির চারপাশে ব্যথা। প্রথমে ব্যথাটি খুব স্পষ্ট না-ও হতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা পেটের নীচের ডান দিকে সরে যেতে পারে। ব্যথার এই স্থান পরিবর্তন অ্যাপেন্ডিসাইটিসের একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত।

সাধারণত সময় যত এগোয়, ব্যথার তীব্রতাও তত বাড়তে থাকে। হাঁটাচলা, কাশি, লাফানো বা ভঙ্গি পরিবর্তন করলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। তাই শিশু বা অল্পবয়সি কেউ যদি পেটের ব্যথার কারণে স্বাভাবিক ভাবে হাঁটতে বা নড়াচড়া করতে না পারে, তা হলে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

এর সঙ্গে খিদে কমে যাওয়া, বমি বমি ভাব, বমি, মলত্যাগের অভ্যাসে পরিবর্তন এবং সামান্য জ্বরও দেখা দিতে পারে। অন্য দিকে, শুধু গ্যাসের সমস্যা হলে অনেক সময়ে ঢেকুর বা গ্যাস বেরিয়ে গিয়ে অস্বস্তি কমে যেতে পারে। তবে সব রোগীর ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ এক রকমের হয় না। তাই ব্যথা ক্রমশ বাড়লে নিজে থেকে রোগ নির্ণয়ের চেষ্টা না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

শিশুদের ক্ষেত্রে কোন লক্ষণে নজর দেবেন?

ছোট শিশুদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস চেনা তুলনায় কঠিন। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সিদের মধ্যে রোগের পরিচিত লক্ষণগুলি সব সময়ে দেখা যায় না। ঠিক কোথায় ব্যথা হচ্ছে, তা বোঝাতে পারে না তারা। কারও ক্ষেত্রে তীব্র পেট ব্যথার বদলে ডায়ারিয়া, পেটফাঁপা বা দুর্বলতা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে অভিভাবকদের উচিত শিশুর আচরণ, খাওয়ার ইচ্ছে এবং স্বাভাবিক খেলাধুলোর অভ্যাসে কোনও পরিবর্তন হচ্ছে কি না, তা লক্ষ করা। যে শিশু সাধারণত চঞ্চল, সে যদি হঠাৎ নিস্তেজ হয়ে পড়ে, খেতে না চায় বা পেটের অস্বস্তির কারণে স্বাভাবিক কাজকর্ম বন্ধ করে দেয়, তা হলে সতর্ক হওয়া দরকার।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram