তখন শহরে বিকাল নামছে। বৃষ্টি মাড়িয়ে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে রাস্তার পাশে উৎসাহী মানুষের ভিড়। অপেক্ষার পালা শেষ। অবশেষে আলোয় আসলেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহী। নিজ শহরে ২১ নভেম্বর ঝটিকা সফরে এসেছিলেন নৃত্যশিল্পী। উদ্দেশ্য ছিল, শহরের একটি বিপণির উদ্বোধন।
সময়ের সঙ্গে বলিউডে নিজস্ব বৃত্ত তৈরি করেছেন নোরা। তাঁর নাচের অগণিত ভক্ত। শনিবার কলকাতাতেও তাঁকে এক ঝলক দেখার জন্য উপচে প়ড়েছিল ভিড়। চুলের সামনের অংশের ফ্রিঞ্জ কপাল ছুঁয়েছে। নীল জিন্স এবং কালো ক্রপ টপে নোরা সহজেই অনুরাগীদের মন জয় করে নেন। তাঁদের অনুরোধে সেই পরিচিত হাসির ঝলক খেলে যায় অভিনেত্রীর মুখে।
স্বাভাবিক ভাবেই উপস্থিত সকলেই নোরার থেকে কিছু শোনার অপেক্ষায় ছিলেন। অনুরাগীদের নিরাশ করেননি অভিনেত্রী। তিনি বলেন, “আপনাদের সকলকে দেখে খুব ভাল লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সকলের জন্য অনেক ভালবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভাল লাগে।” এর পরে উপস্থিত সকলের উদ্দেশে হৃদয়ের ইমোজি দেখান অভিনেত্রী।
উচ্ছ্বসিত দর্শক নোরাকে চোখের সামনে দেখতে পেয়ে মুঠোফোনে বন্দি করে রাখেন সেই মুহূর্ত। কেউ কেউ গেয়ে ওঠেন নোরা অভিনীত গানও। সম্প্রতি ‘জেলর ২’ ছবির ‘বিন্দাস’ গানে তাঁর নাচ প্রশংসিত হয়েছে।



