২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬১৯:৩৭
রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বুধবার সকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল।

ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ সময় তাদের ক্লাবের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে রাষ্ট্রপতির কাছে একটি লিখিত আবেদন দেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নটর ডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়। এ কারণেই কয়েক যুগ ধরে কলেজটি দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশের অন্যান্য কলেজের জন্য দৃষ্টান্তস্বরূপ।

প্রতিনিধিদলটি ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ ও কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি ক্লাবের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram