দীর্ঘ সাত বছর বিদেশে অবস্থানের পর স্পেনে ফেরার ঘোষণা দিয়েছেন কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা কার্লেস পুজেদেমন। দেশটির সুপ্রিম কোর্ট বিতর্কিত ক্ষমা আইনের আওতায় তার বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফেরার পথ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী ১২ ডিসেম্বর বার্সেলোনায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তার।
বুধবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করেন ৬২ বছর বয়সী এই রাজনীতিক। তিনি জানান, ১২ ডিসেম্বর শনিবার দুপুরের দিকে বার্সেলোনায় পৌঁছাবেন এবং দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে নিজ বাড়িতে রাত কাটাতে চান।
পুজেদেমন বলেন, কাতালোনিয়ার সরকারের প্রেসিডেন্ট হিসেবে তিনি দেশ ছেড়েছিলেন। এবার ফিরবেন সেই অঞ্চলের পার্লামেন্টে, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণ করেন।
২০১৭ সালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবিতে আয়োজিত গণভোট ও বিচ্ছিন্ন হওয়ার ব্যর্থ উদ্যোগের পর স্পেনের বিচারিক কর্তৃপক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কায় বেলজিয়ামে চলে যান পুজেদেমন। এরপর থেকে সেখানেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রম বন্ধ করে বিতর্কিত ক্ষমা আইন প্রয়োগের সিদ্ধান্ত নেয়। এর ফলে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৪ সালে স্পেনের সংসদে পাস হওয়া এই ক্ষমা আইন দেশটির রাজনীতিতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পুজেদেমনের দল জুন্টস পার কাতালুনিয়াসহ কাতালান স্বাধীনতাপন্থী দলগুলোর সমর্থন পেয়েছিল। সেই রাজনৈতিক সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ ছিল সাধারণ ক্ষমা আইন।
দেশে ফেরার ঘোষণা দেওয়ার পাশাপাশি কাতালোনিয়ার স্বাধীনতার আন্দোলনের কৌশল নতুন করে সাজানোর কথাও জানিয়েছেন পুজেদেমন। আগামী ১৭ ডিসেম্বর এক জনসভায় স্বাধীনতাপন্থীদের জন্য নতুন রাজনৈতিক পথনির্দেশনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে তার।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে রাজনৈতিক সমঝোতা নিয়েও সরব হয়েছেন পুজেদেমন। সম্প্রতি দেশটির দৈনিক এল মুন্দোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক প্রয়োজন থেকেই সানচেজ সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা আগে কখনো নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল।
তার ভাষায়, রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার প্রয়োজনই শেষ পর্যন্ত সরকারকে অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। এ ঘটনাকে নিজের রাজনৈতিক বিজয় হিসেবেও দেখছেন তিনি।
এদিকে স্পেনের আসন্ন আগাম সাধারণ নির্বাচনকে ঘিরেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে। জনমত জরিপে রক্ষণশীল পপুলার পার্টি (পিপি) এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে সরকার গঠনে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এমন রাজনৈতিক পরিস্থিতিতে পুজেদেমনের প্রত্যাবর্তন স্পেনের জাতীয় রাজনীতি ও কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী আন্দোলনে নতুন মাত্রা যোগ করতে পারে।



