২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬১৬:২৪
প্যারিসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের অভিজাত ১৬তম অ্যারোন্ডিসমেন্টের টাউন হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক ও সামরিক প্রতিনিধি, প্রতিরক্ষা উপদেষ্টা, সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অতিথিদের স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা।

স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক গুরুত্ব, ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা ও সুসম্পর্কের কথা উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা মহান মুক্তিযুদ্ধ এবং দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিনটি সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রতিরোধ ও আত্মত্যাগের স্মারক।

রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ফ্রান্সে জনমত গড়ে তুলতে ফরাসি লেখক, রাজনীতিবিদ ও সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেন।

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ স্মরণীয়। আন্দোলন চলাকালে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

রাষ্ট্রদূত দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, সুপ্রশিক্ষিত ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এ প্রসঙ্গে তিনি ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় চলমান আধুনিকায়ন কর্মসূচির কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, দেশের শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও স্টিম শিক্ষার প্রসারেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও বাহিনীর ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর বিকাশ, আধুনিকায়ন এবং দেশ-বিদেশে বাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিদের পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও আয়োজনের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram