২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

লাল কার্ড দেখার পর ছুরি নিয়ে মাঠে নামলেন ফুটবলার

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬১৬:১১
লাল কার্ড দেখার পর ছুরি নিয়ে মাঠে নামলেন ফুটবলার
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

রেফারি লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুমে ফিরে সেখান থেকে ছুরি হাতে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দিকে তেড়ে গেলেন এক ফুটবলার। ইতালির সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে ভয়াবহ এমন ঘটনা ঘটেছে।

আতঙ্কজনক এই পরিস্থিতির পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পুলিশ ডাকতে বাধ্য হন ম্যাচ আয়োজকরা। অবশ্য এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনাটি ঘটেছে ইতালির তৃতীয় ডিভিশনের ম্যাচে। গ্যালাকটিক পাওলিনি বনাম অ্যাথলেটিক পারতান্নার ম্যাচ চলছিল। খেলা চলাকালীন গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারি ফুটবলার ডেল পাওলিনি প্রথমে প্রতিপক্ষ বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করে হলুদ কার্ড দেখেন। পরে প্রতিপক্ষ এক ফুটবলারকে লাথি মারেন তিনি।

এই ঘটনার পর রেফারি ভিনসেঞ্জো পার্নিস পাওলিনিকে লাল কার্ড দেখান। তাকে বাঁচাতে গিয়ে রেফারির সঙ্গে তর্ক শুরু করেন গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। তাকেও লাল কার্ড দেখান রেফারি। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সেখানেই ঘটনা শেষ হয়নি। লাল কার্ড দেখার পর ড্রেসিংরুমে চলে যান পাওলিনি। কয়েক মিনিট পর হাতে একটি ছুরি নিয়ে আবার মাঠে নেমে পড়েন। পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে ভয় দেখানো শুরু করেন। এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন। এই ঘটনার পর রেফারি খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পারতান্না। ফুটবলার ও কর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন করেছে তারা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram