২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

লিবিয়া থেকে বাল্টিক সাগর, রুশ জাহাজে হামলায় ক্ষুব্ধ মস্কো

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬১৫:৫৪
লিবিয়া থেকে বাল্টিক সাগর, রুশ জাহাজে হামলায় ক্ষুব্ধ মস্কো
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

রাশিয়ার জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় কিয়েভকে ‘কঠিন পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছে মস্কো। লিবিয়ার বেনগাজি বন্দর ও বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। রাশিয়ার দাবি, এসব হামলার জবাবে ইউক্রেনের ওপর সামরিক অভিযান অব্যাহত থাকবে। খবর আল জাজিরার।

সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখভাল করছে। প্রয়োজন মনে করলে মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে। তিনি বলেন, ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রাশিয়ার বড় পরিসরের হামলা প্রতিদিনই চলছে এবং এর পরিণতি কিয়েভকে ভোগ করতে হচ্ছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রোববার (২২ নভেম্বর) লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ নৌঘাঁটিতে হামলা চালিয়ে একটি রুশ করভেট যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। পাশাপাশি অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

এদিকে বাল্টিক সাগরে রাশিয়ার কালিনিনগ্রাদগামী ‘স্পার্টা-২’ জাহাজে শনিবার (২১ নভেম্বর) ড্রোন হামলায় আগুন ধরে যায়। ফিনল্যান্ডের সামরিক বাহিনীর ধারণা, হামলাটি ইউক্রেন চালিয়েছে। পেসকভ এ ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা হিসেবে উল্লেখ করেছেন।

হামলার ঘটনায় বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাল্টিক দেশগুলোকে কিয়েভের ওপর প্রভাব খাটিয়ে এ ধরনের হামলা বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলে পণ্য পরিবহন সচল রাখতে দুটি রেল ফেরি কিনতে ৪৭ বিলিয়ন রুবল বা প্রায় ৫৭৬ মিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ২০৩০ সাল থেকে ফেরি দুটি চলাচল শুরু করার কথা রয়েছে।

এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, আত্মরক্ষার প্রয়োজনে রাশিয়ার পারমাণবিক অস্ত্রসহ সব ধরনের সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি প্রয়োজন দেখছে না মস্কো।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram