২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

বেপরোয়া অটোরিকশার গতি, থেঁতলে গেল শিশু ওমরের মাথা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬১৫:৫৩
বেপরোয়া অটোরিকশার গতি, থেঁতলে গেল শিশু ওমরের মাথা
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

টিকা নিয়ে সুস্থভাবে বাড়ি ফেরার কথা ছিল ছোট্ট ওমরের। কিন্তু ফেরার পথেই বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেড়ে নিয়েছে তার স্বাভাবিক জীবন। হঠাৎ ব্রেক করার পর অটোরিকশার ভেতরে থাকা স্টিলের পাইপে সজোরে আঘাত লাগে মায়ের কোলে থাকা ওমরের মাথায়। ভেঙে যায় মাথার হাড়, আঘাত লাগে মস্তিষ্কে। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন শিশুটি।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিকাকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় ওমর। প্রথমে তাকে কুমিল্লার দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

ওমর কুমিল্লা নগরের ডুমুরিয়া চানপুর এলাকার শরিফুল ইসলাম ও মাহিনুর আক্তার স্বর্ণালির সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছেলেকে নিয়ে কালিয়াজুরি টিকাকেন্দ্রে যান মা মাহিনুর আক্তার স্বর্ণালি। টিকা দেওয়া শেষে বাড়ি ফেরার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তারা। কিন্তু চালকের বেপরোয়া গতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এমনকি অটোরিকশা থেকে নেমে যাওয়ারও সিদ্ধান্ত নেন। পরে চালককে ধীরগতিতে গাড়ি চালানোর শর্তে আবার যাত্রা শুরু করেন।

কিন্তু কিছুদূর যাওয়ার পরই ঘটে বিপত্তি। দ্রুতগতির অটোরিকশাটি হঠাৎ ব্রেক করলে গাড়ির ভেতরে থাকা স্টিলের পাইপে আঘাত পান স্বর্ণালি। একই সময়ে তার কোলে থাকা ওমরের মাথাও সজোরে পাইপে আঘাত লাগে। এতে শিশুটির মাথার ওপরের অংশের হাড় ভেঙে যায়। ভাঙা হাড় মস্তিষ্কে আঘাত করায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

এদিকে দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করেছে কুমিল্লা সিটি করপোরেশন। সংস্থাটির প্রধান নির্বাহী মোহাম্মদ মামুন বলেন, ‘আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অটোরিকশাটি জব্দ করেছেন। এ বিষয়ে থানায় ফোন করে আইনিব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

ওমরের এ দুর্ঘটনা নগরে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে চলতি বছর কুমিল্লার কান্দিরপাড় এলাকার পূবালী চত্বর, নিউ মার্কেট এলাকা, ঠাকুরপাড়া ও রেসকোর্স এলাকায় অটোরিকশার চাপায় চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram