নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছিল ছোট পর্দার অভিনেতা সোহেল খানের। বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরার সামনে আর দাঁড়ানো হলো না তার। হোটেলকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
২৪ নভেম্বর সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় ছিলেন সোহেল খান। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।
ইউনিটের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন অভিনেতা। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করলে অন্য সদস্যরাও ছুটে আসেন।
পরে দ্রুত তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সোহেল খানকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুর খবরে অভিনয় অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে এভাবে তার চলে যাওয়া সহকর্মী ও ভক্তদের জন্য গভীর বেদনার ঘটনা হয়ে থাকল।



