বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা! বলিউডের অ্যাকশন তারকা অক্ষয় কুমার আবারও নিজের দুঃসাহসিক পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন। মঞ্চে নিজের পোশাকে আগুন জ্বালিয়ে এবং মাথায় জ্বলন্ত প্রপ নিয়ে স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিয়েছেন এই অভিনেতা। ইতোমধ্যে তার পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। জমকালো এই আয়োজনে বলিউডের একাধিক তারকার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন অক্ষয় কুমার।
অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অক্ষয়। এ সময় নৃত্যশিল্পীরা তার ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। পোশাকে আগুন জ্বলতে থাকলেও বিচলিত না হয়ে নিজের পারফরম্যান্স চালিয়ে যান তিনি।
আরেকটি ভিডিওতে মাথায় জ্বলন্ত প্রপ নিয়ে স্টান্ট করতে দেখা যায় অভিনেতাকে। তার এমন ব্যতিক্রমী পরিবেশনা মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকেই তার সাহস, ফিটনেস ও শারীরিক সক্ষমতার প্রশংসা করছেন।
অ্যাকশন সিনেমায় নিজের স্টান্ট নিজেই করার জন্য আগে থেকেই পরিচিত অক্ষয় কুমার। সাধারণত ঝুঁকিপূর্ণ দৃশ্যেও বডি ডাবলের পরিবর্তে নিজেই পারফর্ম করতে পছন্দ করেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানেও আগুন নিয়ে স্টান্ট প্রদর্শন করেছেন এই অভিনেতা।
তবে বাস্তব স্টান্টের ঝুঁকি নিয়েও অতীতে কথা বলেছেন অক্ষয়। এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অ্যাকশন দৃশ্য ধারণের সময় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। তখন আধুনিক ভিএফএক্স প্রযুক্তির ব্যবহারও সীমিত ছিল। ফলে অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্য বাস্তবেই করতে হতো।
মঞ্চের আগুনে ঝলসে ওঠা সেই পারফরম্যান্স আবারও প্রমাণ করল, অ্যাকশনধর্মী পরিবেশনায় অক্ষয় কুমারের আগ্রহ এখনো অটুট। আর সেই কারণেই নতুন এই স্টান্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।



