২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬০২:০১আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রস্তাবিত বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে সফরসূচিতে এই পরিবর্তন এসেছে বলে জানা গেছে।

২৮ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শুধু বাংলাদেশ সফর নয়, একই কারণে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

সফরটি অনুষ্ঠিত হলে ৮ ডিসেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা ছিল। ঢাকা সফর শেষে তাঁর ব্যাংকক যাওয়ারও পরিকল্পনা ছিল।

এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সফরের ধারাবাহিকতায় আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরকে ফিরতি সফর হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এ উপলক্ষে ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছিল।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়টি আলোচনায় আসে।

তবে ডিসেম্বরের নির্ধারিত সফর স্থগিত হওয়ায় দুই প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। নতুন করে সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

#জাতীয়#সংবাদ#মালয়েশিয়ার প্রধানমন্ত্রী#আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর#বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক#তারেক রহমান#দ্বিপক্ষীয় বৈঠক#মালয়েশিয়ার রাজনৈতিক পরিস্থিতি#বাংলাদেশ সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram