বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং কর্মক্ষম মানুষের অবসরে যাওয়ার কারণে জার্মানির শ্রমবাজারে তৈরি হয়েছে বড় ধরনের কর্মী সংকট। এই ঘাটতি পূরণে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন ভারতীয় কর্মীরা। গত এক দশকে দেশটিতে তাঁদের সংখ্যা বেড়ে সাত গুণ হয়েছে। বর্তমানে জার্মানিতে কর্মরত ভারতীয়ের সংখ্যা এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে।
ভারতীয় কর্মীদের এই অভিবাসনের একটি উদাহরণ প্রত্যয় সাইকিয়া। ২০২২ সালে ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনার সময় বিদেশে চাকরির সুযোগ খুঁজতে গিয়ে ‘ম্যাজিক বিলিয়ন’ নামের একটি নিয়োগকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখেন তিনি। প্রতিষ্ঠানটির মাধ্যমে জার্মানিতে কাজের সুযোগ পান প্রত্যয়। বর্তমানে দক্ষিণ জার্মানির মেটজগেরাই লেডেরার নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সেখানে যোগ দেওয়ার আগে তিন বছর শিক্ষানবিশ হিসেবেও কাজ করেছেন তিনি।
তবে জার্মানিতে কাজের সুযোগ পেলেই যে সব সমস্যার সমাধান হচ্ছে, তা নয়। ভারতীয় কর্মীদের বড় একটি অংশকে ভাষাগত জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে জার্মান ভাষায় দক্ষতার অভাব কর্মক্ষেত্রে যোগাযোগ ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
বিদেশি কর্মীর চাহিদা বাড়ছে জার্মানিতে
বারটেলসম্যান ফাউন্ডেশনের ২০২৪ সালের এক গবেষণায় বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মীদের শূন্যস্থান পূরণ করতে ২০৪০ সাল পর্যন্ত জার্মানির প্রতি বছর অন্তত দুই লাখ ৮৮ হাজার দক্ষ বিদেশি কর্মী প্রয়োজন হবে।
এমন চাহিদা থাকা সত্ত্বেও ভারতসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে কর্মী নিয়োগে জার্মানির অনেক প্রতিষ্ঠান এখনো দ্বিধায় রয়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা বিবেচনা করছে।
দীর্ঘদিন ধরে জার্মানির প্রতিষ্ঠানগুলো কর্মী সংকট মোকাবিলায় পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভেনিয়ার মতো মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর ওপর নির্ভর করেছে। তবে বর্তমানে এসব দেশের নিয়োগকারী প্রতিষ্ঠানও ভারতসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে কর্মী সংগ্রহে আগ্রহী হচ্ছে।
কর্মী নিয়োগে বাড়ছে শোষণের ঝুঁকি
ইউরোপীয় ইউনিয়নের বাইরের কোনো দেশের নাগরিক অন্য সদস্য রাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি নিয়ে নির্দিষ্ট শর্তে জার্মানিতে সাময়িকভাবে কাজ করতে পারেন। এ ক্ষেত্রে ‘ভ্যান্ডার এলস্ট ভিসা’ ব্যবস্থার ব্যবহার রয়েছে।
তবে এই নিয়োগপ্রক্রিয়া নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। ইউরোপীয় শ্রম কর্তৃপক্ষের (ইএলএ) পর্যবেক্ষণ অনুযায়ী, কিছু ক্ষেত্রে এই ব্যবস্থার সুযোগ নিয়ে কম মজুরিতে কর্মী নিয়োগ বা ‘ওয়েজ ডাম্পিং’-এর ঘটনা ঘটছে। পাশাপাশি কাজের চুক্তি ভঙ্গ এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতারণার অভিযোগও রয়েছে।
জার্মানির আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এসডব্লিউপির বিশেষজ্ঞ কিপ মনে করেন, অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সুসংহত করা প্রয়োজন। এতে বিদেশি কর্মীদের শোষণের ঝুঁকি কমানো সম্ভব হবে।
তাঁর মতে, কর্মসংস্থানভিত্তিক অভিবাসন ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। যথাযথ পরিকল্পনা না থাকলে বিদেশি কর্মীরা ভালো কর্মসংস্থানের পরিবর্তে স্বল্প মজুরির চাকরিতে সীমাবদ্ধ হয়ে পড়তে পারেন।
সব মিলিয়ে জার্মানির শ্রমবাজারে ভারতীয় কর্মীদের উপস্থিতি বাড়লেও তাঁদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, ভাষাগত দক্ষতা এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ।



