২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলা
ছবি : সংগৃহীত

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলা আরও তীব্র হয়েছে। স্থানীয় ও হুথি-সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে দেশটিতে প্রতিদিন শতাধিকবার হামলা চালানো হচ্ছে। এতে সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

২৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে ইয়েমেনের রাজধানী সানায় বড় ধরনের বিমান হামলা চালানো হয়। এতে শহরের আল-তাহরির এলাকার অন্তত ১৩টি বাড়ি ও বাণিজ্যিক দোকান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ছাড়া সানার পূর্বাঞ্চলের বানি মাতার এলাকার একটি পেট্রোল স্টেশনেও হামলা হয়। এতে স্টেশনটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয় সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেশটির উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশেও হামলার তীব্রতা বেড়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার সেখানে প্রায় ৫০টি বিমান হামলা চালানো হয়। শনিবারও হামলা অব্যাহত ছিল। পাশাপাশি ওই এলাকায় ১০টি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এসব হামলায় যোগাযোগের জন্য ব্যবহৃত টাওয়ারগুলোকে বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া প্রদেশটির কেন্দ্রীয় এলাকার একটি জ্বালানি তেলের ট্যাংকেও হামলা চালানো হয়েছে।

হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ধারাবাহিক হামলায় বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

দীর্ঘদিনের সংঘাত আবারও তীব্র

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাতের সূত্রপাত ২০১৫ সালে। এর আগে ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করে দেশটির বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনা বাড়তে থাকে। হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। পাল্টা জবাব হিসেবে সৌদি জোটও ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনীর স্থল অভিযান শুরুর খবরও পাওয়া গেছে। ফলে দেশটিতে দীর্ঘদিনের সংঘাত নতুন করে বড় আকার নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

#জাতীয়#সংবাদ#সৌদি জোটের হামলা#ইয়েমেনে বিমান হামলা#সৌদি আরব#রাজধানী সানা#ইয়েমেন সংঘাত#সৌদি হুথি সংঘাত
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram