দেশের সব জেলায় কিডনি রোগীদের চিকিৎসাসেবা পৌঁছে দিতে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে ৬৪ জেলায় এ সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কিডনি রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে এক লাখ স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
২৮ নভেম্বর বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। অথচ আক্রান্তদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি জটিলতা সম্পর্কে সচেতন নন। এ কারণে রোগ শনাক্তকরণ থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত পুরো ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগ শনাক্তকরণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী কাজ করবেন। এর মাধ্যমে রোগীদের প্রাথমিক পর্যায়েই চিকিৎসার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, জেলা পর্যায়ে কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরির কাজ চলছে। সরকারি-বেসরকারি সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলাগুলোতে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
ড. এম এ মুহিত বলেন, কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসা যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে বিষয়ে সরকার কাজ করছে। এসব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।



