চাঁদপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসনসহ বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে চাঁদপুর কোর্ট স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছানোর পর শেষ গন্তব্য চাঁদপুর বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় ট্রেনের শেষের বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
ট্রেনের কর্মচারীদের ধারণা, দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে বগিটিতে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মারুফ হোসাইন জানান, ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যে কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টায় বগিটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



