রাজধানীর আগারগাঁওয়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে ৬৫ বছর বয়সী এক সিএনজিচালক আহত হয়েছেন। ২৭ নভেম্বর রাত ১০টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ককটেলের স্প্লিন্টার চালকের পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে।
আহত চালকের নাম হাবিবুর রহমান। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বদপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলিমুদ্দিন ফালহান। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মহাখালীর আইপিএইচ মন্দিরপাড়া এলাকায় বসবাস করেন।
হাবিবুর রহমানের ছেলে সুজন জানান, আগারগাঁও পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল তার বাবার সিএনজিতে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের স্প্লিন্টার তার বাবার পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে। আহত অবস্থায় তিনি প্রথমে নিজ বাসায় চলে যান।
পরে স্বজনেরা খবর পেয়ে তাকে স্থানীয় আয়েশা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণে আহত এক সিএনজিচালককে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।



