২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

অর্থনীতি

আর্থিক খাতে জবাবদিহি বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬০২:২২আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
আর্থিক খাতে জবাবদিহি বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর
ছবি : সংগৃহীত

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে দেশের আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ক্ষেত্রে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের পেশাগত স্বাধীনতা এবং নিজস্ব নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রীর মতে, হিসাবরক্ষণ পেশায় শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠায় বাইরের নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের চেয়ে পেশাজীবীদের নিজস্ব জবাবদিহি বেশি কার্যকর হতে পারে। প্রয়োজনে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ থাকবে শেষ অবলম্বন হিসেবে।

২৮ নভেম্বর রাজধানীর গুলশানের হোটেল র‍্যাডিসন ব্লুতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘২৫তম আইসিএবি অ্যানুয়াল রিপোর্টস ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, নিয়ম মেনে চলা একটি চলমান প্রক্রিয়া। এটি চাপ প্রয়োগ করে প্রতিষ্ঠা করার বিষয় নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকেরা তাঁদের পেশার নৈতিকতা ও আচরণবিধি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাই নিজেদের মধ্যে স্ব-নিয়ন্ত্রণের সংস্কৃতি গড়ে তুলতে হবে। আইসিএবি প্রাতিষ্ঠানিকভাবে এই সক্ষমতা অর্জন করতে পারলে সরকার, আয়কর বিভাগ কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত হস্তক্ষেপের প্রয়োজন কমে আসবে।

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নিরীক্ষকদের ভূমিকা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, একটি আর্থিক প্রতিবেদনের ওপর আমানতকারী, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং করব্যবস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ভর করে। ফলে হিসাবরক্ষকদের কাজ শুধু আর্থিক হিসাব তৈরি বা নিরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অর্থনীতির প্রতি মানুষের আস্থা তৈরিতেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে হিসাবরক্ষণ ও নিরীক্ষাব্যবস্থাকে আধুনিক করতে হবে। অতীতে বিভিন্ন কারণে নিয়ম না মানার যে প্রবণতা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য পুরো আর্থিক জবাবদিহি ব্যবস্থাকে কার্যকর ও সুশৃঙ্খল করা প্রয়োজন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, কঠোর মানদণ্ড অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করা জরুরি। কারণ এ ধরনের স্বীকৃতি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক বার্তা তৈরি করে এবং বাজারে সঠিক চর্চাকে উৎসাহিত করে।

আইসিএবির চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। এ ছাড়া আইসিএবির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#জাতীয়#সংবাদ#আমির খসরু মাহমুদ চৌধুরী#অর্থমন্ত্রী#ট্রিলিয়ন ডলারের অর্থনীতি#হিসাবরক্ষক#ICAB Annual Reports 2025#স্ব-নিয়ন্ত্রণ#সেলফ রেগুলেশন#বাংলাদেশ অর্থনীতি
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram