২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

কৃষি সমাচার

নাম বদলে ফিরছে কৃষি পুরস্কার

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬২১:০৮আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
নাম বদলে ফিরছে কৃষি পুরস্কার

স্থগিত থাকা রাষ্ট্রীয় কৃষি পুরস্কার আবার চালুর প্রক্রিয়ার অংশ হিসেবে এর নাম পরিবর্তন ও আইনি কাঠামো সংশোধনের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী "বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার" থেকে "বঙ্গবন্ধু" বাদ দিয়ে নাম হবে "জাতীয় কৃষি পুরস্কার"। এ লক্ষ্যে আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় কমিটিতে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার চিঠিতে বলা হয়েছে, "বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬" সংশোধন করে "জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) আইন, ২০২৬" করার খসড়া তৈরি হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে লেখা চিঠিতে খসড়াটি পরীক্ষা করে মতামত দিতে অনুরোধ করা হয়েছে। চিঠির সঙ্গে বিদ্যমান আইন এবং একটি সারসংক্ষেপও যুক্ত করা হয়েছে।

চিঠি অনুযায়ী, নাম পরিবর্তনের বিষয়ে ১৮ ও ২৭ অক্টোবর কৃষি সচিবের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেসব সভার সিদ্ধান্ত অনুযায়ী আইন সংশোধনের কাজ শুরু হয়।

এর আগে ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, "বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬"-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেই সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কারের নাম "জাতীয় কৃষি পুরস্কার" হওয়ার কথা বলা হয়েছিল।

পুরস্কারটি ১৯৭৩ সালে প্রবর্তিত হয়। ২০১৬ সালে "বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন" প্রণয়ন করে ট্রাস্টের মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা শুরু হয়। কৃষি গবেষণা, সম্প্রসারণ, উৎপাদন ও প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক, সনদ ও নগদ অর্থ দেওয়া হতো।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাষ্ট্রীয় পুরস্কার ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় একই বছরের নভেম্বরে পুরস্কার প্রদান স্থগিত হয়। এরপর দুই বছর ধরে এটি দেওয়া হচ্ছে না।

আন্তঃমন্ত্রণালয় কমিটির মতামত পাওয়ার পর খসড়া বিলটি পরবর্তী আইনগত প্রক্রিয়ায় যাবে। বক্তব্য জানতে কৃষি সচিব সেলিম খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram