‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে কাবিলার মা পলি চেয়ারম্যানের চরিত্রটি দর্শকের কাছে বেশ পরিচিত ছিল। দীর্ঘদিন পর্দায় সরাসরি উপস্থিত না থাকলেও ফোনে কথোপকথনের মাধ্যমে চরিত্রটি দর্শকের মনে জায়গা করে নেয়। এই চরিত্রে অভিনয় করেছিলেন গুলশান আরা আহমেদ।
গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেত্রী। বাস্তবে তার মৃত্যুর পর এবার ধারাবাহিকের গল্পেও মৃত্যু দেখানো হলো পলি চেয়ারম্যানের।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শেষ ছয়টি পর্ব। সেখানে পলি চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে গ্রামে ফিরে আসে কাবিলা। তার সঙ্গে যায় বন্ধুরাও। মায়ের মৃত্যুর খবর ঘিরে কাবিলার এই আবেগঘন মুহূর্ত দর্শকদেরও স্পর্শ করেছে।
শুধু গল্পের মধ্যেই নয়, পর্বের শেষেও গুলশান আরাকে বিশেষভাবে স্মরণ করেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিবার। তার ছবি প্রদর্শনের পাশাপাশি জানানো হয়, প্রয়াত অভিনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পর্বটি তাকে উৎসর্গ করা হয়েছে।
ধারাবাহিকের প্রধান চরিত্র না হয়েও গুলশান আরা যেভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, নির্মাতাদের এই উদ্যোগে তার প্রতিফলন দেখছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দৃশ্যটি নিয়ে আবেগ প্রকাশ করছেন দর্শকরা।
এদিকে ১৪০ পর্বের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটির যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা এই নাটকের চরিত্র, সংলাপ ও হাস্যরস দর্শকের বিনোদনের বড় অংশ হয়ে উঠেছিল।
ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকারসহ অনেকে। নির্মাতাদের বক্তব্য অনুযায়ী, আপাতত এখানেই শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পথচলা। তবে গল্পের কিছু অংশ খোলা রাখা হয়েছে, ফলে ভবিষ্যতে নতুন করে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



